কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে সাইনবোর্ড টাঙিয়েছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) তাড়াইল-নান্দাইল সড়কের পাশে তাড়াইল-সাচাইল ইউনিয়নের শামুকজানী মৌজায় প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জন্য জমি নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট জমির খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী, ১ নম্বর খতিয়ানের ৬৬৩ দাগে ১ একর ৬২ শতাংশ এবং ৪৮৩ নম্বর খতিয়ানের ৬৬৪ দাগে ৩ একর ৩৪ শতাংশসহ মোট ৪ একর ৯৬ শতাংশ জমি চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত স্থানে ‘প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের সংরক্ষিত স্থান’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার রফিকুল ইসলাম, তাড়াইল-সাচাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত মিনি স্টেডিয়ামটি বাস্তবায়িত হলে উপজেলার তরুণ ও শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হবে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করাও সহজ হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় কলেজশিক্ষার্থী নাজমুল হাসান বলেন, “আমাদের খেলার কোনো মাঠ নেই। স্টেডিয়াম হলে আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব। এটি আমাদের জন্য অনেক আনন্দের খবর।”
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ মিয়া বলেন, “দীর্ঘদিনের দাবি ছিল একটি স্টেডিয়ামের। জায়গা নির্ধারণ হওয়ায় আমরা আশাবাদী। দ্রুত স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হলে এলাকার তরুণ ও শিক্ষার্থীরা উপকৃত হবে।”
স্থান নির্ধারণ ও সাইনবোর্ড স্থাপনের মধ্য দিয়ে তাড়াইলে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নতুন আশার সৃষ্টি করেছে। এখন এলাকাবাসীর প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।
তবে এখনো নির্মাণকাজ শুরুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই জায়গা নির্ধারণের পরবর্তী পদক্ষেপ এবং স্টেডিয়াম নির্মাণের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী। তাঁদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাড়াইলের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 




















