কুমিল্লা নগরীতে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন। অভিযানে অর্ধশতাধিক ভ্যান ও ফুডকার্ট বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) নগরীর কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে রাজগঞ্জ মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক ও ফুটপাতের পাশে থাকা বিভিন্ন ভ্যান, ফুডকার্ট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে অভিযান পরিচালনা করায় তারা মালামাল সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাননি। এতে বেশ কিছু ভ্যান ও ফুডকার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি তাদের পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















