জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপো। এক সময় নানা অব্যবস্থাপনা আর শৃঙ্খলার অভাবে ভুগতে থাকা এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাটি এখন নিয়মতান্ত্রিকতা ও আধুনিক ব্যবস্থাপনার অনন্য এক দৃষ্টান্তে পরিণত হয়েছে। আর এই ইতিবাচক পরিবর্তনের নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করছেন ডিপো ইনচার্জ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ডিবি) মোঃ মাহবুবুর রহমান। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম দূর করে ডিপোকে একটি শক্ত শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে এনেছেন, যা সংশ্লিষ্ট মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
ডিপো সূত্রে জানা গেছে, গোদনাইল ডিপোটি দেশের জ্বালানি নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। অতীতে এখানে জ্বালানি তেল খালাস, লোডিং ও বিতরণে প্রায়শই নানামুখী সমন্বয়হীনতা ও শৃঙ্খলাজনিত সংকট দেখা দিত। কিন্তু মোঃ মাহবুবুর রহমান ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই পুরো দৃশ্যপট বদলাতে শুরু করে। তিনি শুরুতেই ডিপোর প্রশাসনিক কাঠামো ও তেল সরবরাহের পুরো প্রক্রিয়াটিকে কঠোর নজরদারির আওতায় নিয়ে আসেন।
সরেজমিনে ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান ইনচার্জের কঠোর ও আপসহীন অবস্থানের কারণে ডিপোতে তেল চুরির সিন্ডিকেট ও অবৈধ চালানের মতো পুরোনো অনিয়মগুলো পুরোপুরি বন্ধ হয়েছে। প্রতিটি জ্বালানি বাহী গাড়ি প্রবেশ থেকে শুরু করে তেল লোডিং এবং গেট পাস ইস্যুর পুরো প্রক্রিয়াটি এখন শতভাগ স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার তদবির বা অনৈতিক সুযোগ-সুবিধার স্থান এখন এই ডিপোতে নেই।
ডিপোর সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও ট্যাংক লরি চালকদের সাথে আলাপকালে জানা যায়, পূর্বে যেখানে তেল নিতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হতো, সেখানে এখন সুশৃঙ্খল কিউ (Queue) বা লাইনের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ে তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করে কাজের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্যাংক লরি চালক জানান, “মাহবুবুর রহমান স্যার আসার পর আমাদের ভোগান্তি অনেক কমেছে। এখন সিরিয়াল অনুযায়ী তেল পাওয়া যায়, কাউকে বাড়তি কোনো সুবিধা দেওয়া হয় না। নিয়ম না মানলে কাউকেই ছাড় দেওয়া হয় না, এটাই এখন ডিপোর সবচেয়ে বড় পরিবর্তন।”
বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি বা আধা-সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোতে যখন যোগ্য ও সৎ নেতৃত্ব স্থান পায়, তখন স্বয়ংক্রিয়ভাবেই প্রতিষ্ঠানের পারফরম্যান্স বহুগুণ বেড়ে যায়। মেঘনা পেট্রোলিয়ামের গোদনাইল ডিপো তার একটি বাস্তব উদাহরণ।
ডিপো ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের এই নিয়মতান্ত্রিক ও সাহসী উদ্যোগের ফলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ অপচয় ও পাচার রোধ হচ্ছে, অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম পিএলসি-এর সুনাম ও রাজস্ব আদায়ের গতিও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি খাতের টেকসই উন্নয়নে গোদনাইল ডিপোর এই নতুন শৃঙ্খলা এবং সুশাসন দেশের অন্যান্য ডিপোগুলোর জন্যও একটি অনুকরণীয় মডেল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার 


















