চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রাংশের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত এসব যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, এর আগে গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে অভিযান চালিয়ে আরও ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছিল।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 




















