ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৮ দশমিক ৩৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১২১ দশমিক ২৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে। সংস্থাটির হিসাবে, এর উৎপত্তিস্থল ছিল ৮ দশমিক ৪১ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১২১ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
ভূমিকম্পের পর পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি, পশ্চিম নুসা তেংগারা ও দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি অঞ্চলে প্রাথমিক সুনামি সতর্কতা জারি করেছে বিএমকেজি।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক 























