ভারতের বেঙ্গালুরুতে এক পাঁচ তারকা হোটেলে নিজের দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।
সোমবার(১০ আগস্ট) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি পাঁচ তারকা হোটেল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হলো ৫ বছর বয়সী শেখ জোহরা এবং ১০ বছর বয়সী শেখ জোয়া। তাদের ৪০ বছর বয়সী বাবা এস জি ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বেঙ্গালুরুর নাগভারা এলাকার বিলালনগরের বাসিন্দা ইমরান একটি বেসরকারি ক্যাব সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন। হোটেল কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যা ইমরান লিখেছেন বলে সন্দেহ করছে পুলিশ।
চিরকুটে স্ত্রীর পরকীয়া এবং পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে আমি জীবনে ক্লান্ত হয়ে পড়েছি। তার এই সম্পর্কের যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। সে আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, তাই আমি আমার দুই মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি।’
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন ইমরান। মধ্যরাতের পর দুবাই থেকে এক অতিথি আসবেন বলে হোটেল কর্মীদের জানিয়েছিলেন তিনি। পরদিন সোমবার দুপুরেও চেক-আউট না করায় বিকেল সাড় ৪টার দিকে হাউসকিপিং কর্মীরা দরজায় নক করেন। সাড়াশব্দ না পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মাস্টার কি (ডুপ্লিকেট চাবি) দিয়ে কক্ষ খোলা হয়।
কক্ষের ভেতরে খাটের কাছে দুই শিশুর নিথর দেহ এবং সোফার পাশে গলায় ক্ষতসহ ইমরানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমরান একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
বেঙ্গালুরুর নর্থ-ইস্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মিথুন কুমার জি জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া চিঠি, পারিবারিক বিবাদ ও পুরো ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 






















