কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ মান্নান প্রকাশ মন্নান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়া সংলগ্ন রেলক্রসিং এলাকার একটি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মান্নান শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) গ্রামের মৃত জারু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর-আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল রামচন্দ্রপুর টু বাগড়া সড়কের রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মান্নানকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
উপজেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
পারভেজ আলম, ব্রাহ্মণপাড়া কুমিল্লা 




















