শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জনবান্ধব পুলিশিংকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। সুশৃঙ্খল কুচকাওয়াজ, নিখুঁত ড্রিল ও বাহিনীর পেশাদার উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ভোলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মোঃ সাজ্জাদ হোসেন সরদার।
প্যারেড শেষে পুলিশ সুপার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, সততা ও জনগণের আস্থা। তাই প্রত্যেক সদস্যকে নির্ধারিত ড্রেসরুলস মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিত পিটি ও প্যারেডের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং মানসিক দৃঢ়তা অর্জন সম্ভব। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে একটি দক্ষ, আধুনিক ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে আরও সতর্ক, সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত, নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পান, সে বিষয়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, ফাঁড়ি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, বাহিনীর শৃঙ্খলা, কর্মদক্ষতা ও জনসেবার মান আরও উন্নত করতে নিয়মিত মাস্টার প্যারেডসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিয়াজ ফরাজী 





















