লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় রকেটসদৃশ ৩টি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্বপাশ থেকে মর্টারশেলগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সেগুলো রামগতি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পূর্বপাশে কয়েকজন শ্রমিক পানির পাইপলাইন স্থাপনের কাজ করার সময় মাটি খোঁড়ার একপর্যায়ে রকেটসদৃশ বস্তুগুলোর সন্ধান পান। প্রাথমিক কৌতুহলে শ্রমিকরা বস্তুগুলো তুলে ছবি তোলেন এবং পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে আবার মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে মর্টারশেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “রকেটসদৃশ তিনটি বস্তু উদ্ধার করে জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে।”
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারশেল হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষা করছে পুলিশ।
মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 


















