এখন থেকে কোনো ব্যাংক কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ উঠলে, তা চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ দুই মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের পুরোনো নিয়মটি সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে এই একটি মাত্র পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
























