বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি., ভোলা শাখা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলা জিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক, ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং গীতা পাঠ করেন আশিক পোদ্দার। স্বাগত বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি. বরিশাল অঞ্চলের এডিসি (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ছোট-বড় সব ধরনের ব্যবসায়ী সহজেই ডিজিটাল লেনদেনে যুক্ত হতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত ও আধুনিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্রিকস ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম (রবিন চৌধুরী), জিয়া সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, ভোলা অটো রাইস মিল সমিতির সভাপতি আলহাজ্ব মো. আলমগীর হোসেন এবং মুকুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আইয়ুব আলী মিয়া।
এছাড়াও বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি. কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যাংকের কর্মকর্তা মো. মেহেদী হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয় এবং ডিজিটাল লেনদেন ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
রিয়াজ ফরাজী 



















