টাঙ্গাইল মির্জাপুরে কয়েক দিনের ভারি বর্ষণে মির্জাপুর উপজেলার বরটিয়া থেকে হাড়িয়া কামারপাড়া যাওয়ার একমাত্র সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজার হাজার মানুষ। সরেজমিনে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই পথ দিয়ে পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মিনি ট্রাকের মতো ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা জনজীবনকে স্থবির করে তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই রাস্তার দিকে কোনো নজর নেই। জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইল ৭ আসনের মাননীয় এমপি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীর একটি অনুষ্ঠান ছিল হারিয়া এলাকায়। রাস্তা খারাপ থাকার কারণে এমপি মহোদয়ের গাড়ি এই পথ দিয়ে আসতে পারেনি, যার ফলে তিনি ভাওরা হয়ে ঘুরে গন্তব্যে যান। তার নেতাকর্মীরাও এই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন, তবুও এখন পর্যন্ত রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রাস্তাটি সংস্কারের অভাবে এমনিতেই নড়বড়ে ছিল, টানা বৃষ্টিতে তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে, স্থানীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী (এমপি) মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হয়। সড়ক ও জনপদ বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত আমলে নিয়ে জনস্বার্থে রাস্তাটি সংস্কার করবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
রাস্তার ভয়াবহ অবস্থার কারণে স্থানীয় অটোচালক ও এলাকাবাসী নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ভাঙা স্থানে খোয়া ও পাথর ফেলে রাস্তাটি কিছুটা চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। এলাকাবাসীর ভাষ্যমতে, অনেক সময় ছোট ছোট বাচ্চা নিয়ে যাতায়াতের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্টাফ রিপোর্টার-সাইদ আল মামুন 























