বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে মহারণের আগে আলোচনার কেন্দ্রে দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। কে বেশি এগিয়ে- এমন প্রশ্নের মুখোমুখি হলেও তুলনায় যেতে রাজি হননি ইংল্যান্ড অধিনায়ক কেইন।
বরং দুজনকে ভিন্ন ধরনের ফুটবলার উল্লেখ করে হালান্ডের গোল করার অসাধারণ সামর্থ্য ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
বিশ্বকাপে আট গোল করে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে। ছয় গোল করে কেইন এবং সাত গোল করে হালান্ডও রয়েছেন সেই লড়াইয়ে।
কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ের পর দুজনের একজনের বিশ্বকাপ যাত্রা শেষ হবে। ম্যাচের আগে কেইনকে প্রশ্ন করা হয়, দুজনের মধ্যে কে বেশি ভালো। জবাবে ইংল্যান্ড অধিনায়ক বলেন, এর উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। প্রথমত, আমি মনে করি আমরা একেবারে ভিন্ন ধরনের খেলোয়াড়। আমি জানি আমাদের দুজনকে স্ট্রাইকার হিসেবে দেখা হয়। কিন্তু এটা প্রায় ভিন্ন দুটি পজিশন, যদি সত্যি কথা বলি।
এরপর হালান্ডকে প্রশংসায় ভাসিয়ে কেইন বলেন, আর্লিং অসাধারণ, তার গোল করার রেকর্ড। শারীরিকভাবে সে একটা মেশিন, একটা দানব। তার ফিনিশিং উচ্চ পর্যায়ের এবং অবশ্যই তার গোল করার রেকর্ডই তার পরিচয় তুলে ধরে।
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে চলতি মৌসুমে ৭৩ গোল করেছেন কেইন। অন্যদিকে হালান্ড ৪৬টি গোল করেছেন এবং ম্যানচেস্টার সিটির হয়ে চার মৌসুমে তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন।
নিজের খেলার ধরন সম্পর্কে কেইন বলেন, আমি নিজেকে একজন ভিন্ন খেলোয়াড় হিসেবে দেখি, যদিও আমি একই সংখ্যক গোল করি। আমি হয়তো আরেকটু বেশি বল স্পর্শ করতে ও খেলায় আরেকটু বেশি জড়িত থাকতে পছন্দ করি। তবে আমি একজন পুরোদস্তুর নাইন হিসেবেও খেলতে পারি। আমার মনে হয় না নিজেদের মধ্যে তুলনা করার মতো কোনো বিষয় এটা।
হালান্ডকে নিয়ে শেষবারের মতো মন্তব্য করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, খেলোয়াড় ও পেশাদার হিসেবে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। অবশ্যই আশা করব কাল সে চুপচাপ থাকবে। তার সাম্প্রতিক ফর্ম তাকে নিয়ে কথা বলে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।
ক্রীড়া ডেস্ক 























