টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এলেঙ্গা পৌরসভাকে নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবি জানান।
তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই কালিহাতী উপজেলাজুড়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার অনেকেই দাবি করছেন, কালিহাতীর সাধারণ মানুষ অবিভক্ত কালিহাতীই দেখতে চান। তাঁদের মতে, উপজেলার প্রশাসনিক অখণ্ডতা ও ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখা প্রয়োজন। এলেঙ্গাকে পৃথক উপজেলা করার এই দাবি স্থানীয় জনগণের মূল প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে, সংসদ সদস্যের এই বক্তব্যকে কেন্দ্র করে উপজেলার অন্যান্য অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমপি মহোদয় কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা বিভিন্ন ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য বক্তব্য রাখেননি। পুরো উপজেলার সমস্যাকে আড়াল করে শুধুমাত্র এলেঙ্গা এলাকার উন্নয়ন ও সেটিকে উপজেলা করার দাবিকে বাড়তি গুরুত্ব দেওয়ায় এই ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে বর্তমানে কালিহাতীর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা-পর্যালোচনা চলছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, কোনো নির্দিষ্ট এলাকাকে প্রাধান্য না দিয়ে, কালিহাতীর সার্বিক উন্নয়ন ও সকল এলাকার মানুষের স্বার্থকে সমান গুরুত্ব দিয়ে যেন ভবিষ্যতে যেকোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 





















