২৭ ডিসেম্বর (শনিবার) ঢাকার কাকরাইলে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন আইডিইবি ভবনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশের প্রত্যেক জেলা এবং প্রায় সবগুলো উপজেলা থেকেই জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ তীব্র শীত উপেক্ষা করে সমাবেশে যোগদান করেন। হাজারো সাংবাদিকের উপস্থিতিতে আইডিইবি ভবন তখন এক মহা মিলন মেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাংবাদিকবৃন্দ তাদের নানাবিধ সমস্যা সহ সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে দেশের অন্যতম প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন এর বর্ণিল জীবনী নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী আলোচনা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মুহম্মদ আলতাফ হোসেন ১৯৪৭ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষে ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৩ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশের তৃণমূল সাংবাদিকরা যে অবহেলিত, বৈষম্যের শিকার এ কথা তিনি মনেপ্রাণে বুঝতে পেরেছিলেন।
তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশে সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে।
বর্তমানে সারাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার ১৬ হাজার সদস্য রয়েছে। এছাড়াও দেশের বাইরে সৌদি আরব, আমেরিকা, জার্মান, লন্ডন, কাতার, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশে রয়েছে কমিটি যা সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনের নেতৃত্বে সাংবাদিকদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায় নিয়ে কাজ করে।
১৯৮৫ সালে তিনি মহাসচিব এর দায়িত্ব গ্রহণ করেন। তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশের সকল জেলা ও অধিকাংশ উপজেলা /থানায় জাতীয় সাংবাদিক সংস্থা পরিচিতি লাভ করেছে। ১৪ অক্টোবর ২০২৪ রোজ সোমবার দিবাগত রাত ৮টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথিতযশা এই সাংবাদিক মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে আসে। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সাইদ আল মামুন,স্টাফ রিপোর্টার 

























