চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রুবেল (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান প্রান্তিক পাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, জেলা সদরের উদয়ন মোড় সংলগ্ন রেল স্টেশন রোডের একটি বটগাছের নিচে গোপনে মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সেখানে ঝটিকা অভিযান চালায় র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ 
















