কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
প্রকল্প পরিচালক খলিলুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
কর্মশালায় বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।
তারা আরও বলেন, কিশোরীদের পুষ্টি, মাসিককালীন স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বয়সোপযোগী সঠিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব সম্পর্কে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম আনোয়ার-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 





















