রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গত রাতে (শনিবার) আমরা একজনকে আটক করেছি। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গেছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ববি হাজ্জাজের সহকারী ও ভুক্তভোগী রাব্বি আল রাফসান মামলা করেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।
ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসানের দাবি, মাস্টার্সের ক্লাস থাকায় শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে তাঁর পথরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী আরও জানান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী তিনি। বিষয়টি প্রতিমন্ত্রীও অবগত রয়েছেন। এরই মধ্যে তিনি থানায় কথা বলেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক 





















