দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ, আমানত সংগ্রহ ও আর্থিক কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের পাঠানো এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। অন্যদিকে সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা রয়েছে।
ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে। নিজস্ব ভবন ও স্থাপনা রয়েছে ৬৭৭টি। গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের।
ঋণ বিতরণে বাধার আশঙ্কা:
গ্রামীণ ব্যাংকের শাখা বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে গ্রামীণ পর্যায়ের ঋণ কার্যক্রমে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান। কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা প্রয়োজনীয় ঋণসেবা গ্রহণ করতে পারছেন না।
একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা। এতে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিবরণীতে বলা হয়েছে, এসব ঘটনা শুধু ব্যাংকের অবকাঠামো ও সম্পদের ক্ষতিই করছে না, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।
নিরাপত্তা নিশ্চিতের আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের:
বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে ব্যাংকগুলোর স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় রাখা জনস্বার্থ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবরণীতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো ব্যাংকের সম্পদ, স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক 
























