সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন। দুই সন্তানকে নিয়ে এরপর শুরু হয় তাঁর জীবনসংগ্রাম। অন্যের জমিতে শ্রম দিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছিলেন তাদের পড়াশোনা। কিন্তু সেই সংগ্রামের পথেও নেমে আসে কঠিন বিপর্যয়। শরীরে ধরা পড়ে ক্যানসার। চিকিৎসার জন্য বাবার বাড়িতে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি সেই আশ্রয়টুকুও। আগুনে পুড়ে গেছে বসতঘর। এখন দুই সন্তানকে নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে একটি ঘরে গাদাগাদি করে দিন কাটছে নাসিমা বেগমের (৩৫)।
ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর বিনবিনা এলাকার। গত ১৯ নভেম্বর বিকেলে অগ্নিকাণ্ডে নাসিমার বাবার বাড়ির বসতঘর পুড়ে যায়। ঘটনার পর কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পাননি পরিবারটি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাসিমা ওই এলাকার খাজা আলমের মেয়ে। তাঁর স্বামী রবিউল ইসলাম পেশায় অটোরিকশাচালক ছিলেন। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন নাসিমা। জীবিকার তাগিদে অন্যের জমিতে কাজ করতেন তিনি। সেই উপার্জনেই চলত সংসার, বহন করতেন সন্তানদের লেখাপড়ার খরচ।
জীবনের সঙ্গে লড়াই করতে করতেই অসুস্থ হয়ে পড়েন নাসিমা। প্রথমে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। কিন্তু গত তিন মাস ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ভুগছেন তিনি। মেয়ের অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন বাবা খাজা আলম। কিন্তু সেখানেও আগুনের ঘটনায় নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি।
বর্তমানে পরিবারের উপার্জনের দায়িত্ব একাই সামলাচ্ছেন বৃদ্ধ খাজা আলম। তাঁর নিজের বয়সের ভার, তার ওপর অসুস্থ মেয়ের চিকিৎসা, নাতি-নাতনির পড়াশোনা এবং পরিবারের ভরণপোষণ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন তিনি। পরিবারের আরেক সদস্য নাসিমার ভাই সবুজ মিয়া জন্ম থেকেই বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। ফলে পরিবারের সংকট আরও বেড়েছে।
নিজের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাসিমা। তিনি বলেন, ‘স্বামী মারা যাওয়ার পরও সন্তানদের নিয়ে বেঁচে থাকার আশা ছাড়িনি। অনেক কষ্ট করে তাদের বড় করার চেষ্টা করেছি। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। এখন সেই ঘরটিও পুড়ে গেল। সরকারি-বেসরকারি কেউ এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি।’
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এলাকায় নিজেকে সমাজসেবক পরিচয় দেওয়া মানুষের অভাব নেই। অথচ একটি পরিবার এতটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে দেখা যাচ্ছে না। বিষয়টি দুঃখজনক।
একই এলাকার লবিব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় চরাঞ্চলের মানুষের ভোটের জন্য অনেকেই আসেন। কিন্তু বিপদের সময় অসহায় মানুষের পাশে কাউকে পাওয়া যায় না। খাজা আলমের পরিবার তারই উদাহরণ।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তা চেয়ে পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তাঁরা সহায়তা পাবেন বলে আশা করছেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত পরিবারের কেউ যোগাযোগ করেননি। তাঁরা যোগাযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।
মোছাদ্দেক সৈকত-স্টাফ রিপোর্টার, রংপুর 






















