সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং অন্যজন সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে মহানগর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরে আদালতে সোপর্দ করা হবে।
আজিজ খান, স্টাফ রিপোর্টার 






















