ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (৯ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি লেখেন, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্যসচিব কে এম চঞ্চলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হলো।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
একই বিজ্ঞপ্তিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়নের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
ফরহাদ হোসেন 
























