দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পিডিএসে (ব্যক্তিগত তথ্য বিবরণী) হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বরের ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এই অবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আগামী ৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পিডিএসে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অত্যন্ত জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























