“সত্যের সন্ধানে, একতার বন্ধনে”—এই অঙ্গীকারকে সামনে রেখে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে নীলফামারীতে আত্মপ্রকাশ করেছে এ নিউজ নেটওয়ার্ক টিম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নীলফামারীতে দায়িত্বরত চ্যানেল ওয়ানের আবু সাঈদ অপুকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করে আসছেন আবু সাঈদ অপু। এর আগে তিনি মাই টিভির ‘ঘটনা অন্তরালে’ ক্রাইম বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন ও ঘটনার প্রবাহ নির্মাণে দীর্ঘ ১৫ বছর সঙ্গে যুক্ত ছিলেন।
এরপর তিনি এটিএন বাংলায় স্টাফ রিপোর্টার হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি চ্যানেল ওয়ানের নীলফামারী থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি এবং জনদুর্ভোগের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরছে খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সুনাম কুরিয়েছেন।
বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও মানবিক সহায়তার প্রত্যাশী মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ সংবাদে তুলে ধরছেন এই তরুন সাংবাদিক। তাঁর প্রতিবেদনে সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার, সংকট ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান অনুষ্ঠানে আগতরা।
অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা তাঁর দায়িত্ববোধ ও সাংবাদিকতার পথচলাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজিজুলৃ বুলু, নীলফামারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হোসেন, বাংলা টিভির নীলফামারী ডিজিটাল প্রতিনিধি ও এ নিউজ নেটওয়ার্ক টিম নীলফামারীর যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন আওলাদ মিয়া, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক ও জাতীয় দৈনিক মাতৃভূমির প্রতিনিধি আল মিজানসহ বিভিন্ন টেলিভিশন, জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠতা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সাংবাদিকতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ নিউজ নেটওয়ার্ক টিমের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সাংবাদিকদের সম্মাননা প্রদানকে ঘিরে স্থানীয় তরুন সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি, অনুসন্ধানী বস্তুনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতার চর্চাকে আরও উৎসাহিত করবে।
নীলফামারী প্রতিনিধি 





















