ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মিজানুর রহমানকে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) মোঃ নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশে বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। ডা. মোঃ নোমান মিয়া ২০২৪ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান। ওই সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নোমান মিয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে তার স্থলাভিষিক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মো. মিজানুর রহমান। তিনি এর আগে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 





















