কুমিল্লা রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪)।
নিহতদের স্বজনেরা জানান, নাতনি চাঁদনীকে ডাক্তার দেখানোর জন্য জোৎস্না বেগম কুমিল্লায় এসেছিলেন। চিকিৎসকের কাছে যাওয়ার পর বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা স্টেশন অতিক্রম করার সময় দুই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় এবং আইনগত প্রক্রিয়া চলছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 


















