নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) সকালে নগরীর নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা সিটি কর্পোরেশনের অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার জাকিয়া জাফরিনসহ অনেকে।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনটি অবহেলিত। অপরিকল্পিতভাবে আমাদের নগরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নগরকে একটি আধুনিক, বাসযোগ্য, গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রূপান্তরিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















