যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে সাড়ে ১০ হাজার একরের বেশি এলাকায় পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি অঙ্গরাজ্য থেকে আসা ১ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন। গত শনিবার শুরু হওয়া এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করায় সোমবারের পর থেকে আগুন মাত্র ২ একর এলাকায় ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দেয়া ক্যালিফোর্নিয়া ইন্টারএজেন্সি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের মুখপাত্র টম স্টোকসবেরি তিনি বলেন, প্রায় ৬৭ হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্টোকসবেরি বলেন, সপ্তাহান্ত পর্যন্ত যদি আমাদের নিয়ন্ত্রণরেখা অটুট থাকে, তাহলে আগুন আর ছড়িয়ে পড়বে না বলে আমরা আশা করছি। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে।
এদিকে বুধবার পর্যন্ত ওল্ড ট্রেইলস এবং অটাম লেন দাবানলের ১৩ শতাংশ করে নিয়ন্ত্রণে এসেছে। আর ফেয়ারভিউ দাবানলের ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তিনটি দাবানলে মিলিয়ে এখন পর্যন্ত ১০ হাজার ৫৪৬ একর এলাকা পুড়ে গেছে।
স্টোকসবেরি জানান, দমকলকর্মীরা এখন ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান চালাচ্ছেন। বিশেষায়িত ‘হটশট’ দল নতুন করে আগুন জ্বলে ওঠা স্থানগুলো শনাক্ত করে তা নিভিয়ে ফেলছে। তারা প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করছেন এবং মাত্র ৫ থেকে ৭ ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র মাইকেল কেলি বলেন, ৮০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি সম্ভবত অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটি। ২০২৩ সালে স্পোকেনের কাছে গ্রে ও ওরেগন রোড দাবানলে ৩৫০টি স্থাপনা ধ্বংস হয়েছিল। বর্তমান দাবানল সেই ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























