রংপুরের গংগাচড়া উপজেলার তালুক হাবু মাঝাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরার সুযোগে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিলন মিয়া সহ ৯জনের নাম উল্লেখ করে গংগাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন মোছা. আনিছা বেগম (৫৫)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে আনিছা বেগমের স্বামী ও দুই ছেলে আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলায় আনিছা বেগমের নাতি মো. মোরছালিন গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। আনিছা বেগমও হামলা ঠেকাতে গিয়ে হাতে গুরুতর আঘাত পান এবং তার আঙুলে সেলাই দিতে হয়। এছাড়া পরিবারের এক নারী সদস্যের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
ভুক্তভোগী মোছাঃ আনোয়ার বেগম জানান হামলাকারীরা ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ক্ষয়ক্ষতি সাধন করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত মোরছালিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র থানায় জমা দেওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে এজাহার দায়ের করা হয় বলে অভিযোগকারী জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় ।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার ওসি জানিয়েছে, আবুল কাশেম ও আব্দুর রহিম জমি বিরোধী নিয়ে অনেক মামলা রয়েছে । গত কালের ঘটনায় উভয়পক্ষ এজহার দায়ের করেছেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেদী হাসান (হৃদয়) গংগাচড়া রংপুর 





















