রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া বাজার থেকে পদ্মা নদী পর্যন্ত সড়কের পাশে ১০০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, দেশের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১০০ টি গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি আরো বলেন, জুন মাসের মধ্যে আরও ৭৫০টি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা চারাগুলো সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাঈমুর রহমান, কালুখালী থানার এসআই সোহেল, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা শানজিদা সুলতানা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন (নিলুফা), প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব , রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিন মাস্টার, সাবেক ইউপি সদস্য মাসুদ, কালুখালী উপজেলা ছাত্রদলের দপ্তর বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যে সকলকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 





















