চাঁপাইনবাবগঞ্জ, ৫ জুন ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) ও মো. সাগর হোসেন (১৬) নামে তিনজনকে আটক করা হয়। তারা সবাই ভোলাহাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।
মোহাঃ রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার 




















