টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আখি আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালের চিকিৎসা অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
নিহত আখি আক্তার উপজেলার খৈলসিন্দুর এলাকার আমিনুর রহমানের মেয়ে এবং ভাতগ্রাম ইউনিয়নের শুকুর আলীর ছেলে আলীম উদ্দিনের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করলে আখি আক্তারকে মির্জাপুর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন। তবে অপারেশনের পর থেকে আর জ্ঞান ফেরেনি বলে দাবি পরিবারের সদস্যদের।
স্বজনদের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় এবং পরে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আখি আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে এ বিষয়ে মির্জাপুর পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন 



















