ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর দিকনির্দেশনা ও বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (০৯ মে ২০২৬) রাত ১০ টা ৩৫ মিনিটে অভিযানে বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম এসআই জসিম উদ্দিন ও তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ কাচিয়া ইউনিয়নের চকডোষ ৮ নং ওয়ার্ডের আসামি জুয়েল চৌকিদারের বসত ঘরের সামনের উঠান হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
এ সময় মো. জুয়েল চৌকিদার এর কাছ থেকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ মাদক বিক্রয়ের ১৩ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত আসামী মো. জুয়েল চৌকিদার কাচিয়া ইউনিয়নের চকডোষ ৮ নং ওয়ার্ডের মৃত ইউনুছ চৌকিদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান – মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
রিয়াজ ফরাজী (ভোলা) 



















