ভারতের সাবেক ক্রিকেটার উন্মুক্ত চাঁদ বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। এর আগে ভারতীয় দলের হয়ে জিতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা। এরপর ব্যাট হাতে হারিয়েছেন খেই, দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে চাঁদ এসেছেন বাংলাদেশে। উপলক্ষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্ন্সের হয়ে খেলা।
বিপিএলে এবারই প্রথম খেলতে এসেছেন চাঁদ। তবে বিপিএল সম্পর্কে তার ধারণা রয়েছে। কেননা এই খেলা দেখেছেন টিভিতে। বুধবার (৪ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমকে চাঁদ বলেন, ‘বিপিএলে এটা আমার প্রথম বছর। কিন্তু টিভিতে সবসময়ই খেলা দেখেছি। এটা আমাকে ফ্যাসিনেট করেছে, খুব ভালো। স্টেডিয়াম পূর্ণ থাকে। লোকজন আসে ও তাদের দলকে সমর্থন দেয়। একদিন পরই খেলা শুরু হচ্ছে, এটার দিকে তাকিয়ে আছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে অনেকেই ফিরেছেন জাতীয় দলে। চাঁদের নজর শিরোপা জেতায়। বলছিলেন, ‘অবশ্যই, ক্রিকেটার হিসেবে আপনি প্রতিটি টুর্নামেন্টেই উন্নতি করতে চাইবেন। এখানে এসেছি, সত্যি চাই চট্টগ্রাম বিপিএল জিতুক। তারা কখনো জেতেনি আগে। কিন্তু দল সবসময়ই ভালো করেছে। নজর থাকবে টুর্নামেন্ট জেতায়। এটা হলে ঘরোয়া ক্রিকেটাররাও নজর আসবে।’
চাঁদ যোগ করেন, ‘যখন আপনি জিতবেন, অনেক খেলোয়াড় অবদান রাখে। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্যও ভালো। আপনি যেমন বললেন, উইল জ্যাকস বিপিএলে ভালো করেছে, পরে সুযোগ পেয়েছে। অবশ্যই আমার জন্যও বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগ খেলা…যুক্তরাষ্ট্রেও তৈরি হচ্ছে সবকিছু। মেজর লিগ আসছে, বিশ্বকাপও। এটা আমাকে শেপে রাখবে ওখানে ভালো করতে।’
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























