স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী পরিচালিত ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগের ভোলা জেলার কার্যক্রমের দ্বিতীয় দিন।
সোমবার (৪ মে ২০২৬) ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে দিনব্যাপী প্রায় ২ হাজার ৬০০ শত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এইসময় ক্যাম্পটি পরিদর্শন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। পরিদর্শনকালে তিনি অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বোরহানউদ্দিন উপজেলার ন্যায় দৌলতখান উপজেলায় এই সেবা দিয়ে যাবেন। তিনি আরও বলেন – স্কয়ার কোম্পানির কাছে আমি জানিয়েছি প্রতিবছর যাতে আমার এলাকায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা দিতে পারে। এবং এছাড়াও আমি একটা উদ্যোগ নিতেছি, বিদেশের ও দেশের বড় বড় ডাক্তারদের এনে আমার এলাকার অসহায়, দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবো।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। নারী, শিশু ও প্রবীণ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম ও স্হানীয় সচেতন ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগতম জানিয়ে বলেন- সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের মানবিক কার্যক্রম আরো বেশি প্রয়োজন। এতে স্হানীয় জনপ্রতিনিধি, শিক্ষক -শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীরপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে ইতোমধ্যে ১৩টি জেলায় প্রায় ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
আগামী ৫ মে ভোলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হবে। কর্মসূচির সমাপনী দিন অর্থাৎ ৬ মে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে মূল দর্শন নিয়ে স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, সেই অঙ্গীকার বাস্তবায়নেই এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
রিয়াজ ফরাজী (ভোলা) 



















