টাঙ্গাইলের ভূঞাপুরে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। লোকজন দেখে ভয় পাচ্ছে সে। চোখে টলমল করছে পানি।
তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতো। তার সেঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। আর মাদকসেবিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ভারসাম্যহীন ওই তরুণীকে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রতিনিধি 


















