শেরপুর সদরের খোয়ারপাড় হক ফিলিং স্টেশনের সামনে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেল সিরিয়ালে সামনের এগিয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থা ডিএসবির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হক ফিলিং স্টেশনের সামনে একটি দোকান থেকে বেশি দামে তেল বিক্রির সময় শ্রাবণ (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খোয়ারপাড় এলাকার মনসুর আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, পাম্প থেকে নির্ধারিত মূল্যে তেল কিনে তিনি বাইরে প্রতি লিটার প্রায় ১৫০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তার কাছ থেকে ২৫ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে বিক্রি করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে একই এলাকায় মোটরসাইকেল আরোহীদের সামনে এগিয়ে দেওয়ার কথা বলে ২০০ থেকে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ। তবে আটক ব্যক্তিরা হক ফিলিং স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘুষ নিয়ে মোটরসাইকেল এগিয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাম্পের বাইরে বেশি দামে তেল বিক্রির ঘটনায় একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, পাম্প থেকে নির্ধারিত মূল্যে তেল কিনে বেশি দামে বিক্রির অপরাধে শ্রাবণ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। এছাড়া ঘুষ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জেলা প্রতিনিধি 






















