কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রতিনিধি 























