নাটোরের লালপুর উপজেলায় মসজিদ কমিটির পদ নিয়ে বিরোধের জেরে এক সহ-সভাপতিকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, লালপুর থানাধীন অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সালাম (৫৫) স্থানীয় জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মসজিদ কমিটির সিদ্ধান্তে এক সদস্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলে ওই সদস্যসহ তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের সামাদ ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা চালায়।
তার চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ বিষয়ে লালপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
মসজিদ কমিটি নিয়ে বিরোধ, সহ-সভাপতিকে হত্যার হুমকির অভিযোগ
-
স্টফ রিপোর্টার , নাটোর: - আপডেট সময় ০৯:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- ৫০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















