আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রংপুর সদর উপজেলার ১ নম্বর মমিনপুর ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় মমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের ২ হাজার ৯৯০ জন সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এতে মোট বরাদ্দ ছিল ২৯ দশমিক ৯০০ মেট্রিক টন খাদ্যশস্য।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মমিনুল ইসলাম, ইউনিয়নের প্রশাসক মো:ফরহাদ হোসেন, ট্যাগ অফিসার মো:আহসান হাবীবসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মো:সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই সরকার এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
মমিনপুর ইউনিয়নের প্রশাসক মো: ফরহাদ হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত প্রকৃত অসহায় পরিবারের মাঝে স্বচ্ছতার সঙ্গে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে ইউনিয়নের ২ হাজার ৯৯০টি পরিবারের জন্য মোট ২৯ দশমিক ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শফিউল মন্ডল (রংপুর): 





















