অনিয়মিত মাসিক, তলপেটের ব্যথা বা অস্বাভাবিক ক্লান্তি—এই ধরনের সমস্যাকে অনেক নারীই তেমন গুরুত্ব দেন না। বেশির েভাগ সময় ভাবা হয়, এগুলো সাময়িক বা স্বাভাবিক পরিবর্তন। কিন্তু চিকিৎসকদের মতে, এই ছোট ছোট লক্ষণই অনেক সময় ভবিষ্যতের বড় স্ত্রীরোগ সংক্রান্ত জটিলতার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।
সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে সমস্যার মাত্রা বেড়ে যেতে পারে এবং চিকিৎসাও জটিল হয়ে উঠতে পারে।
কী সেসব নারীঘটিত সমস্যা, আর এর ফলে কী কী সমস্যা হতে পারে, চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।
ঋতুস্রাবের অনিয়ম এমন একটি বিষয়, যা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। খুব বেশি রক্তপাত হওয়া, দীর্ঘদিন ধরে পিরিয়ড চলা, মাসিকের মাঝে রক্তপাত, কিংবা হঠাৎ করে চক্রের তারিখের বড় পরিবর্তন—এসবই সতর্কবার্তা হতে পারে।
এসব সমস্যার পেছনে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), জরায়ুর ফাইব্রয়েড, থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতা থাকতে পারে।
পাশাপাশি ঋতুস্রাবের সময় তীব্র ব্যথা যদি দৈনন্দিন কাজকর্ম ব্যাহত করে, তাহলে সেটিও অবহেলা করা উচিত নয়। অনেক ক্ষেত্রে এটি এন্ডোমেট্রিওসিস বা পেলভিক সংক্রমণের লক্ষণ হতে পারে।
দীর্ঘদিন ধরে তলপেটের ব্যথা থাকাও উদ্বেগের কারণ হতে পারে। অনেকেই এটিকে গ্যাস, বদহজম বা কাজের চাপে হওয়া সাধারণ ব্যথা ভেবে এড়িয়ে যান।
কিন্তু এই ব্যথা নিয়মিত হলে তা ডিম্বাশয়ের সিস্ট, জরায়ুর গঠনগত সমস্যা বা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
একইভাবে সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি অনুভূত হলে লজ্জা বা সংকোচ না করে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি। এটি শরীরের গুরুত্বপূর্ণ সংকেত, যা উপেক্ষা করলে পরবর্তীতে জটিলতা বাড়তে পারে।
যোনিপথের স্রাবের রং, ঘনত্ব বা গন্ধের পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এর সঙ্গে যদি চুলকানি, জ্বালাপোড়া বা অস্বস্তি থাকে, তাহলে তা সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে এই সমস্যা সহজেই সেরে যায়। কিন্তু অবহেলা করলে সংক্রমণ বারবার ফিরে আসতে পারে, এমনকি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের মতো জটিলতাও তৈরি হতে পারে, যা ভবিষ্যতে গর্ভধারণের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
অতিরিক্ত ক্লান্তি, মেজাজের হঠাৎ পরিবর্তন বা ওজন দ্রুত বাড়া-কমাও অনেক সময় শুধু মানসিক চাপের ফল নয়। এর পেছনে রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা বা অন্যান্য হরমোনজনিত অসামঞ্জস্য কাজ করতে পারে। দীর্ঘদিন এই লক্ষণগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, আগেভাগে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় এবং বড় অপারেশন বা দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন কমে যায়। তাই শরীরের ছোট পরিবর্তনকেও গুরুত্ব দেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে বড় বিপদ এড়াতে সাহায্য করতে।
সূত্র : আজকাল
লাইফস্টাইল 















