টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত। তবে বাংলাদেশ দল ভারতে যেতে চায় না। আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে খেলতে না চাওয়া নিয়ে। তবে বিশ্বকাপ যেখানেই হোক প্রস্তুত রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আজ সিলেটে সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেছেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি তবুও। ভারতে বা শ্রীলঙ্কায় হোক আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি খেলার জন্য। যেখানেই খেলা হোক।’
নিজের ব্যাপারে সাইফউদ্দিন বলেন, ‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’
এই অলরাউন্ডার আরও জানান, ‘বিশ্বকাপের এখনও এক মাস বাকি আছে। সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে আশানুরূপ পারফর্ম করতে পারছি না। কীভাবে ঘুরে দাঁড়াব, ৩-৪ বা টপে আসব এসব নিয়েই কথা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ খেলেছি, তারাই বিশ্বকাপ দলে আছে। সবাই একে অপরকে জানি।’
ফর্মের তুঙ্গে থাকা জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজকে নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের সম্পদ। ওর সতীর্থ হতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচ রংপুরের বিপক্ষে খেলেছি, খেলা শেষে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না। ও মনে হয় রিলাক্স। ও সবসময় যেমন গান শুনে, রিল্যাক্স থাকে। ওরকমই মনে হয়েছে। ও রিল্যাক্স আছে আমরা এত চিন্তা করে লাভ কী? আমরাও রিল্যাক্স!’
ক্রীড়া প্রতিবেদক 
























