অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্পষ্টভাবে বলেছেন, প্রজাতন্ত্রের প্রকৃত মালিক জনগণ এবং তাদের হাতেই রয়েছে সকল ক্ষমতা। আগামী ৫ বছর কারা দেশ পরিচালনা করবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে। ভোটের মাঠে প্রশাসন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে নির্বাচন কমিশনের ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলী ইমাম মজুমদার বলেন, ‘‘নির্বাচনে যাতে কোনো ধরনের বিচ্যুতি বা অনিয়ম না ঘটে, সেজন্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। অনেকেই নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, কিন্তু আমি আশা করি সরকার সেই আশঙ্কা ভুল প্রমাণ করে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’’
ভোটের অধিকার প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘‘দীর্ঘদিন ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বিশেষ করে বর্তমানে যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, তাদের অনেকেই এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই নির্বাচনী বন্ধ্যাত্বের অবসান হতে যাচ্ছে। সরকার এই অচলায়তন ভাঙতে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।’’
তিনি সাধারণ মানুষকে উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ‘সুপার ক্যারাভান’ বা ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হলো নাগরিকদের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























