সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিবন্ধন অধিদপ্তর। সাতক্ষীরা ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান স্টেডফাস্ট ল্যান্ডসের স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার একটি জমির দলিল রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে দলিল সম্পাদন না করে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে নিবন্ধন অধিদপ্তরের নির্দেশে গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন যশোর জেলার রেজিস্ট্রার আবু তালেব। এ সময় সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার হাফিজা রুমাও উপস্থিত ছিলেন। অভিযোগকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ জানান, সদর উপজেলার লক্ষ্মীদাড়ি মৌজার বিআরএস ৫০৮ নম্বর খতিয়ানের ২১০৫ দাগে ৩১ শতক জমির মধ্যে ১৮ শতক জমির মালিক খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মোকছুদার রশিদ। তিনি দেশের বাইরে অবস্থান করায় সম্পত্তি দেখাশোনা ও হস্তান্তরের জন্য তার অনুকূলে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, গত ১৬ নভেম্বর জমির মালিককে সঙ্গে নিয়ে সদর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে সাব-রেজিস্ট্রার বিভিন্ন অজুহাতে দলিল সম্পাদন বিলম্ব করেন। একপর্যায়ে তিনি সরাসরি ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলিলটি ফেরত দেওয়া হয়। জুলফিকার আলী জিন্নাহ আরও অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে দুর্নীতির কেন্দ্র হিসেবে পরিচিত। সাব-রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও কিছু অসাধু দলিল লেখকের মাধ্যমে সেখানে ঘুষ বাণিজ্য চলে বলে তার দাবি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
সংবাদ শিরোনাম ::
সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
-
সাতক্ষীরা প্রতিনিধি - আপডেট সময় ০১:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৬৭৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















