পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের দোতলায় জানালার কাচ ভেঙে একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীকে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সাথে গামছায় পেট্রল লাগিয়ে আগুন ভিতরে দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলা নির্বাচন অফিসের দোতলায় জানালার লক ভেঙে মশালের মতো একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীকে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, ‘আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি।
টের পেলে ৯৯৯-এ কল দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি।
তবে অফিস এবং অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।’
তিনি আরো বলেন, ‘গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বানচাল করার জন্যই একটি মহল এ রকম ঘটনা ঘটাতে পারে।’
এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত শেখ হেলাল উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা কৌশলে ভবনের পেছনের থাই গ্লাসের জানালা খুলে ফেলেছে। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইন ডেস্ক 






















