চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, এর সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন গন্ধশাইল গ্রামের মৃত মইদুল রহমানের ছেলে মোঃ সেন্টু রহমান (৪৩)।
র্যাব-৫, সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ হুজরাপুর, খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুর পাড়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকায় র্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে।
এই সময় মোঃ সেন্টু রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক কারবারি। উদ্ধারকৃত আলামতসহ তাকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 






















