গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তাদের হটিয়ে তারা দেশের পরিবর্তন এনেছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, তা নির্ধারণ করবে এই সাহসী তরুণরা। তাদের পাশে থাকা এখন সময়ের দাবি। আমরা তাদের পাশে আছি।
রোববার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড়ে আয়োজিত এক পথসভায় ট্রাকের ভ্রামম্যাণ মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে বিভাজন, হিংসা, বিদ্বেষ আর হানাহানির রাজনীতি চলেছে। সাধারণ মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে নেতাদের জন্য; অথচ নেতারা নিজেদের মতো ঠিকই থেকেছে। সময় বদলেছে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে বা জনতার সঙ্গে থাকবে না, তারাই এক সময় নাই হয়ে যাবে। আমরা তরুণ প্রজন্মের সঙ্গেই থাকতে চাই, জনগণের চিন্তাভাবনা নিয়েই আগামীর রাজনীতি গড়ে তুলতে চাই।’
নুর আরও বলেন, যারাই যে এলাকা থেকে এমপি হয়েছেন, শূন্য থেকে কোটিপতি হয়েছেন, জিরো থেকে হিরো হয়েছেন। তারাই এলাকার কথা এবং মানুষের কথা ভুলে যান। গণঅধিকার পরিষদ এর পরিবর্তন করতে চায়।
শেষে নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া আসনে হানিফ খান সজিব, সুন্দরগঞ্জ আসনে মাসুদ রানা মোন্নাফ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনে মো. সুরুজ্জামান সরকারকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক রুমন বসুনিয়া।
সুন্দরগঞ্জ প্রতিনিধি 





















