গাইবান্ধা সদর উপজেলায় দোকানে চা পান না করায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে। তার নাম শাহজাহান মিয়া। চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। গত সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কুমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, শাহজাহান মিয়ার দোকানে চা পান না করে অন্য দোকানে করায় তিনি রাস্তা গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা জহুরুল বলেন, ‘দোকান থেকে চা পান না করায় রাস্তা কেটে গর্ত করে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন শাহজাহান। তিন দিন ধরে আমরা চলাচল করতে পারছি না। ৫০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করি। অটোরিকশাচালক হামিদ বলেন, ‘রাস্তা বন্ধ করে দেওয়ায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি। দ্রুত চলাচল স্বাভাবিক ও চা দোকানদার শাহাজাহানের শাস্তি চাই।
চা দোকানি শাহজাহান মিয়া বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে চলাচল করতে দেব না। এটি কোনো রাস্তা ছিল না, এখানে ভাটা থাকাকালীন অবস্থায় এ রাস্তাটি হয়। চা পান না করা নিয়ে রাস্তা বন্ধ করিনি। আমার জমি দিয়ে রাস্তা দেব না, তাতে তো আমার দোষ দেখছি না, ম্যাপের রাস্তা বের করে চলাচল করলেই তো হয়।’ বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ‘বিষয়টি অবগত আছি। জমির মালিক শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। আশা করি দ্রুত বিষয়টি সমাধান হবে।’
গাইবান্ধা প্রতিনিধি 





















