নারায়ণগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে দুই দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ২৫০০ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ২য় দিনের মত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম শেষ হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন করেছি । এখানে যারা চিকিৎসা নিয়েছে প্রত্যেকের জন্য এক সপ্তাহের ওষুধ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প থেকে সরবরাহ করা হয়েছে।
মামুন মাহমুদ আরো বলেন, ‘রাজনীতি হল মানুষের কাছে থাকা, পাশে থাকা ও তাদের সুখ-দুঃখগুলো উপলব্ধি করা, তাই জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা এই মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করেছি।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি এ সমস্ত সামাজিক কার্যক্রমগুলোর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ বার্তা প্রচার হবে যে, রাজনীতি মানে হল মানুষের সেবায় নিজেকে বিলীন করে দেয়া।’ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা জুলেখা জানান, দুইদিন ব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আমরা সিদ্ধিরগঞ্জ এলাকার খেটে খাওয়া ও গরিব মানুষ এখানে এসেছি। প্রত্যেক বিভাগের ভিন্ন ভিন্ন ডাক্তার থাকায় আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে পেরেছি।
চিকিৎসা নিতে আসার সুমন জানান, আমি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলাম, আজকে এই মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসা এবং বিনামূল্যে এক সপ্তাহের ওষুধ পেয়েছি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি 




















