বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলীতে সরই খাল থেকে ড্যাজার মেশিন দিয়ে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ২ লাখ ৮০ হাজার ঘনফুট বালি জব্দ করেছেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ইং সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি চিহ্নিত বালুখেকোরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও জীববৈচিএ্যের ক্ষতি সাধন করছে। এ খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্যাজার মেশিনও জব্দ করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি : 



















